নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইয়ুব হোসেন (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের পাশের একটি পরিত্যক্ত ঝোপের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত আইয়ুব হোসেন সোনারগাঁ উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেনকে পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে কাঁচপুরের জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনে আইয়ুবের ভাঙারি গুদামের পাশে ডোবায় একটি বস্তা ভাসতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তার মুখ খুলে ভেতরে আইয়ুব হোসেনের হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একজন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।