গুগলে প্রয়োজনীয় ছবি খুঁজে না পেলে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন টুল কাজে লাগিয়ে নিজেরাই ছবি তৈরি করেন অনেকে। বিষয়টি অজানা নয় গুগলের কাছে। আর তাই এবার নিজেদের এআই ওভারভিউস অপশনে লিখিত নির্দেশনা (প্রম্পট) লিখে নতুন ছবি তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে গুগল। নতুন এই সুবিধা কাজে লাগিয়ে গুগলে ছবি সার্চ করার সময়ই প্রয়োজন অনুযায়ী যেকোনো ছবি কৃত্রিমভাবে তৈরি করা যাবে।

গুগল জানিয়েছে, নতুন সুবিধাটি তাদের সবশেষ ছবি তৈরির মডেল ন্যানো বানানা দিয়ে তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা শুধু কী ধরনের ছবি তৈরি করতে চান, তা লিখে জানালেই এআই সেই নির্দেশনার ভিত্তিতে সম্পূর্ণ নতুন ছবি তৈরি করে দেবে। ফলে ইন্টারনেটে আগে থেকে থাকা ছবির ওপর নির্ভরশীলতা কমবে। বিনা মূল্যে ব্যবহার করা যাবে সুবিধাটি।

গুগলের তথ্যমতে, কোনো বিষয়ে সার্চ করার পর প্রয়োজনীয় ছবি না পাওয়া গেলে এআই ওভারভিউসে ছবি তৈরির বিকল্প দেখা যাবে। চাইলে সার্চ অপশনে লেখা প্রশ্ন বা বাক্যকেই ছবি তৈরির নির্দেশনায় রূপান্তর করা যাবে। এরপর গুগলের এআই মডেল সেই নির্দেশনার ভিত্তিতে নতুন ছবি তৈরি করবে। পুরো প্রক্রিয়াটি সার্চ অপশনের মধ্যেই সম্পন্ন হবে। ফলে ছবি তৈরির জন্য অন্য কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে না। এআই দিয়ে ছবি তৈরির সুবিধার পাশাপাশি গুগল ইমেজেসের নকশায়ও পরিবর্তন আনা হবে। ফলে বর্তমানের তুলনায় দ্রুত প্রাসঙ্গিক ছবি খুঁজে পাওয়া যাবে।

গুগলের দাবি, নতুন সুবিধাটি কাজে লাগিয়ে সহজেই প্রতিবেদন, উপস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ওয়েবসাইটসহ বিভিন্ন সৃজনশীল কাজের জন্য প্রয়োজনীয় ছবি তৈরি করা যাবে। ফলে শিক্ষার্থী, শিক্ষক, বিপণনকর্মী, নকশাবিদ, আধেয় বা কনটেন্ট নির্মাতাসহ নিয়মিত ভিজ্যুয়াল উপকরণ ব্যবহার করা ব্যক্তিরা উপকৃত হবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সুবিধাটি চালু করা হবে।

সূত্র: টেকলুসিভ