নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০) ও ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত দুই ব্যক্তি নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, সংঘর্ষে বাসটির সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে নছিমনে থাকা দুই গরু ব্যবসায়ীর মধ্যে আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








