হবিগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি চোরাই গর্জন কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে এসব কাঠ জব্দ করে হবিগঞ্জ ৫৫ বিজিবি।

জানা গেছে, কাভার্ড ভ্যানসহ জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৬০ লাখ টাকা। জব্দকৃত কাঠ সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বিজিবি বিন্দুমাত্র ছাড় দেবে না। বিশেষ করে হবিগঞ্জ জেলায় সীমান্ত সংলগ্ন সাতছড়ি, রেমা-কালেঙ্গাসহ সংরক্ষিত বনাঞ্চলগুলো সুরক্ষায় আমরা আরও কঠোর অবস্থান গ্রহণ করব। দেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

‘সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে’

সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. মোবারক হোসেন বলেন, জব্দকৃত গর্জন কাঠগুলো আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রচলিত বন আইন ও বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। জেলার সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় ৫৫ বিজিবির এ ধরনের অপারেশনাল কার্যক্রমের জন্য বিজিবিকে ধন্যবাদ জানান তিনি।

বিজিবি জানায়, দেশব্যাপী চলমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এখনও চলমান রয়েছে। এর মধ্যে মঙ্গলবার দুর্বৃত্তরা গাছ চুরি করে কাভার্ডভ্যানে করে পাচার করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিজিবি। এ সময় কাভার্ডভ্যানটির চালক টহল দল দেখে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িসহ কাঠ জব্দ করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর/এএসএম