হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগের গেটের পাশে একটি মানব কঙ্কাল পড়ে ছিল। তা দেখে হাসপাতালের রোগীসহ স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও রোগীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, এটি কোনো অপরাধমূলক ঘটনার অংশ নয় বরং হবিগঞ্জ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর ব্যবহারিক ক্লাসের শিক্ষাসামগ্রী। তবে হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাভেদ জিল্লুল বারী বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। কিন্তু এটি নিশ্চিত করে বলতে পারব না যে কোনো ছাত্রের কি-না। কারণ এ বিষয়ে কোনো ছাত্র এখনো আমাকে বলেনি যে তার ব্যবহারিক কঙ্কাল হারিয়েছে।’ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এক শিক্ষার্থী রিকশাযোগে যাতায়াতের সময় অসাবধানতাবশত ব্যাগসহ কঙ্কালটি রিকশায় রেখে নেমে যান। পরে রিকশাচালক ব্যাগ খুলে কঙ্কাল দেখতে পেয়ে ভয় পেয়ে সেটি হাসপাতালের গেটের ভেতরে রেখে চলে যান।








