রাজশাহীর মোহনপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যানকে নিজ নিজ দায়িত্বে বহালের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ৬ জুলাই আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এ সংক্রান্ত আদেশ দেন। এই তিন ইউপি চেয়ারম্যানকে বিভিন্ন কারণ দেখিয়ে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারা মন্ত্রণালয়ের আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট মামলা করেন। সম্প্রতি তাদের দায়িত্বে বহালের আদেশ দেন হাইকোর্টের একাধিক বেঞ্চ। চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় তারা সহসাই দায়িত্বে ফিরতে পারছেন না বলে জানান সংশ্লিষ্টদের আইনজীবীরা।

যাদের বিষয়ে এ আদেশ দেওয়া হয়েছে তারা হলেন, ধুরইল ইউনিয়ন পরিষদের দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের আজাহারুল ইসলাম বাবলু এবং জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।