হজযাত্রীদের জন্য হজ ফ্লাইটের কর কমাতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সোমবার (১৩ জুলাই) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রী কর কমানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়।মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে তা দেশের বিপুলসংখ্যক হজযাত্রীর জন্য সহায়ক হবে। এ বিষয়ে তিনি সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।সৌদি আরবের রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও বলেন। আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহ বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি আরবের সরকার আন্তরিক রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনীতি
হজ ফ্লাইটের কর কমানোর আহ্বান বিমানমন্ত্রীর, বিবেচনার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের

শেয়ার করুন







