হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা) আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯ শিশু। হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৯০১ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও বরিশালে ওই তিন শিশু মারা যায়। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৫৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২৬ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৩ হাজার ২২৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩১ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৯ হাজার ২৩৪ জন।