মিজেলস ভাইরাসবাহিত রোগ হাম সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯৬ এবং গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ আট হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০৬ জন, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭০ জন।

১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।