হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা) আরও আট শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৭৪ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে ঢাকায় তিন শিশু, খুলনায় দুই শিশু এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে একজন করে শিশু মারা যায়। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ২৪২ শিশু।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪ হাজার ২৭৫ জন।