ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার এবং বর্তমান সরকার এই খাতকে অগ্রাধিকার দিচ্ছে।শনিবার (১১ জুলাই) টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘চিকিৎসক, নার্স ও ব্যবস্থাপনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। হাসপাতালে জনবল ও সরঞ্জামের যে ঘাটতি রয়েছে, তা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তবে রোগীদের সঙ্গে মানবিক আচরণ এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই।’সভায় সহ-সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে সরকার কাজ করছে। মানুষ যেন হয়রানিমুক্ত সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য।সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, ওষুধ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ড্যাব নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।