রাজধানীর শেরেবাংলানগর এলাকার তিনটি সরকারি হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের দ্রুত ও উন্নত চিকিৎসাসেবার প্রলোভন দেখিয়ে হয়রানি এবং অর্থ আদায় করে আসছিল। হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ও মাইকিংয়ের পরও তাদের কার্যক্রম বন্ধ হয়নি। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে আদালত আটজনকে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেন।