চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে অনিকেত দাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনিকেত স্থানীয় বাসিন্দা আশিষ কুমার দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকায় বন্যার পানি জমে ছিল। বৃহস্পতিবার পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে অনিকেত পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর তাকে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বন্যার পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আরও পড়ুন
আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে পরিবারের একমাত্র আদরের ছোট সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা বলেন, চলমান বন্যার কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ডুবে যাওয়ার ঝুঁকি বেড়েছে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
এমআরএএইচ/বিএ








