হিলিতে বিয়ের দাবিতে বৃদ্ধের বাড়িতে অবস্থান নেন এক নারী। বুধবার সকাল থেকে বৃদ্ধ এমাজুল হকের বাড়ির সামনে ওই নারী অবস্থান নিলে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারীসহ বৃদ্ধকে থানায় নিয়ে আসেন পুলিশ। পরে বৃহস্পতিবার মধ্য রাতে পারিবারিকভাবে মীমাংসা করা হবে এমন অনুরোধে দুই পরিবারের হাতে তাদের দুজনকে তুলে দেওয়া হয়। হাকিমপুরের আলীহাট ইউনিয়নের কাকডিমা গ্রামের রাবেয়া বেগম এবং এমাজুল হক। তারা সম্পর্কে দেবর-ভাবি। আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান জানান, উভয়পক্ষের আলোচনায় এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মেয়ে পক্ষের কোন অভিভাবক এখন পর্যন্ত আমার কাছে আসেনি। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, এক বছর ধরে দুজনের মধ্যে মোবাইলে কথা হয়। ধীরে ধীরে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। পরে ওই নারী এমাজুল হককে বিয়ের চাপ দিলে বৃদ্ধ রাজি হননি। পরে ওই নারী বৃদ্ধের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করেন।








