বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের হেরে ট্রফি হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। ১২ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হয়ে মাঠ ছাড়ার পর যখন ড্রেসিংরুমজুড়ে কেবলই বিষাদের ছায়া, তখন দূর থেকে প্রিয় সতীর্থদের বুকে টেনে নিলেন লিওনেল মেসিদের বহু জয়ের নায়ক আনহেল ডি মারিয়া।ফাইনালের আগেই তিনি বলেছিলেন, আলবিসেলেস্তেদের জন্য তার সমর্থন থাকবে আজীবন। ট্রফি হারানোর চরম বেদনার মুহূর্তেও সেই কথার মান রাখলেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড। অন্যদিকে, বুকভরা কষ্ট চেপে দলের তরুণ তুর্কি নিকো পাজ দিয়েছেন এক নতুন ভোরের প্রতিশ্রুতি।তোমরা ইতিহাস গড়েছো, কেউ তা কেড়ে নিতে পারবে না: ডি মারিয়াম্যাচ শেষ হওয়ার পর যখন বিশ্বজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের মন খারাপ, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে এলো দি মারিয়ার এক আবেগঘন বার্তা। ২০১৪ থেকে ২০২৪; দীর্ঘ এক দশকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় উত্থান-পতনের সাক্ষী তিনি। ২০১৪ বিশ্বকাপ এবং টানা দুটি কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ার তীব্র যন্ত্রণা যেমন সয়েছেন, তেমনি ২০২২ সালে বিশ্বজয়ের মহানায়কও ছিলেন তিনি। বিষাদ সিন্ধুর গভীরতা ডি মারিয়ার চেয়ে ভালো আর কে বুঝবে!তাই তো বর্তমান দলটিকে আগলে রেখে মারিয়া লিখেছেন, “দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ সেটা দেশকে আবার ঐক‍্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছো, তোমরা কিংবদন্তি এবং তোমাদের কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না।”বিদায়ী এই কিংবদন্তির চোখে গত ৫ বছর ধরে যে দলটি খেলছে, তারাই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সেরা। সতীর্থদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। (ফিনালিস্সিমাসহ) টানা পাঁচটি ফাইনাল, কেউ এটা তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সব কিছুর জন‍্য তোমাদের ধন‍্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।”সুখে-দুঃখে পাশে থাকার আকুতি ও এক তরুণ প্রাণবন্ত প্রতিজ্ঞা১৯৭৮ ও ১৯৮৬ সালের পর দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ সালে সোনালী ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার সেই মুকুট ধরে রাখার মিশনটা অপূর্ণই রয়ে গেল স্পেনের শৈল্পিক ফুটবলের কাছে। তবে এই হারকে শেষ মানতে নারাজ আর্জেন্টিনার ২১ বছর বয়সী উদীয়মান ফরোয়ার্ড নিকো পাজ। এবারের বিশ্বকাপে দুটি ম্যাচে বদলি হিসেবে নামা এই তরুণই যে আগামী দিনে আর্জেন্টিনার আক্রমণভাগের নতুন কাণ্ডারি হতে যাচ্ছেন, তা বলাই বাহুল্য।ফাইনাল হারের পর কান্নায় ভেঙে না পড়ে সমর্থকদের উদ্দেশ্যে এক দৃঢ় বার্তা দিয়েছেন নিকো পাজ। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আজ, আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি গর্বিত এই দেশ, এই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পেরে ও এমন চমৎকার মানুষদের একটি দলের অংশ হতে পেরে যারা এই পতাকার জন্য জীবন দিতে প্রস্তুত এবং প্রতি মুহূর্তে নিজেদের হৃদয় ও আত্মা উজাড় করে দেয়। আমি শুধু তাদের ধন্যবাদই জানাতে পারি।”আর্জেন্টাইনদের হৃদয়ের রক্তক্ষরণ মুছে দিতে কোটি ভক্তের সামনে বিশ্বকাপ ট্রফি ফেরানোর এক মহৎ অঙ্গীকার করেছেন এই তরুণ। প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে পাজ বলেন, “আমি কথা দিচ্ছি, এই বিশ্বকাপ ট্রফিটি আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমি আমার সবটুকু উজাড় করে দেব। স্পেন এবং সকল স্প্যানিশকে অভিনন্দন। সবসময় আর্জেন্টিনা... সুখে এবং দুঃখে।”নীল-সাদা শিবিরের এই হারের রাতটি তাই কেবলই কান্নার নয়, বরং মারিয়ার ভালোবাসা আর নিকো পাজের নতুন প্রতিজ্ঞায় বুক বেঁধে আগামীতে আবারও বিশ্বজয়ের মঞ্চে ফেরার এক নতুন লড়াইয়ের গল্প।