ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে উচ্চতর চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলীকে আহ্বায়ক এবং একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন পুলিশের অতিরিক্ত আইজিপি (পিআরএল) ড. আশরাফুর রহমান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।

এর আগে গত ৪ মার্চ বিকেলে বিভাগের নিজ অফিস কক্ষে অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলা কেটে হত্যা করেন কর্মচারী ফজলুর রহমান। পরে তিনি নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ইরফান উল্লাহ/এসআর/এমএস