‘জাবির আঙিনায় ফলের ঘ্রাণ, ছাত্রদলের উৎসবে আসুক প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের জন্য ‘মৌসুমি ফল উৎসব’ আয়োজন করে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবে আম, কাঁঠাল, লটকন ও আনারসসহ নানা রকম দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘যে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদের সহাবস্থান, যা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই ফল উৎসব তারই অংশ। খুবই আনন্দিত যে, জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপলব্ধির এই জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। নতুন যারা আসবে, তারাও যেন এই ধারা অব্যাহত রাখে।’

তিনি আরও বলেন, ‘আজকের আমন্ত্রিত অতিথি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। এ আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল শুধু আদর্শিক সহযোদ্ধাদের নিয়ে নয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পথ চলতে অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি এ ধরনের সামাজিক আয়োজন আরও বৃদ্ধি পাবে।’

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম যাতে বজায় থাকে, সেটির দিকে লক্ষ্য রেখে সবসময় কর্মসূচি প্রণয়ন করি। তারই ধারাবাহিকতায় আজকের ফল উৎসব আয়োজন করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন যারা আছে, তাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন এবং নিজেদের মধ্যে পারস্পরিক যে সৌহার্দ্য, সেটিকে বৃদ্ধি করার জন্যই মূলত এই ফল উৎসবের আয়োজন।’

জাতীয় ছাত্র শক্তি জাবি সংসদের শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম শাওন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের ভাইদেরকে সাধুবাদ জানাই এরকম একটা আয়োজনের জন্য। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে, এখানে তারা অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদেরকে বরণ করে নিচ্ছে ও আতিথেয়তা দেখাচ্ছে। এরকম সহাবস্থানের রাজনীতির জন্য সাধুবাদ জানাই।’

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া বলেন, ‘যারা নতুন এসেছি আমাদের জন্য আয়োজনটি খুবই ইন্টারেস্টিং। ভবিষ্যতে এরকম আরও কিছু আশা করছি তাদের কাছ থেকে এবং তাদেরকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং জাবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ রাজন মিয়া ও মো. আব্দুল গাফফার।

রকিব হাসান প্রান্ত/এএইচ/এমএস