বিশ্বকাপ থেকে নরওয়ের বিদায়ের হতাশা এখনও কাটেনি। তবে দল ছিটকে গেলেও সেমিফাইনালের আগে নিজের সমর্থনের কথা জানিয়ে দিলেন নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। জানালেন, তিনি চান ইংল্যান্ডই এবারের বিশ্বকাপ জিতুক।

ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় নরওয়ে। ম্যাচ শেষে হালান্ড বলেন, ইংল্যান্ডের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ইংল্যান্ডেই তার জন্ম, সেখানেই ক্লাব ফুটবলে খেলেন, আর জাতীয় দলের অনেক ফুটবলারের সঙ্গেও তার বন্ধুত্ব।

হালান্ড বলেন, ‘আমার কাছে ইংল্যান্ডের জার্সিও আছে। আমি চাই ওরাই বিশ্বকাপ জিতুক। তাদের জন্য শুভকামনা রইলো।’

যদিও জন্ম ইংল্যান্ডে, আন্তর্জাতিক ফুটবলে শুরু থেকেই নরওয়ের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন হালান্ড। সেই সিদ্ধান্ত নিয়ে কখনও আক্ষেপ নেই বলেও জানিয়েছেন তিনি। বরং এবারের বিশ্বকাপে নরওয়ের ঐতিহাসিক যাত্রা নিয়ে গর্বিত এই স্ট্রাইকার।

বিশ্বকাপে নরওয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হালান্ড। ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোতে জোড়া গোল করে দলকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হারলেও পুরো টুর্নামেন্টে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন তিনি।

নরওয়ের কোচ স্টোলে সোলবাক্কেনও বিদায়ের পর ইংল্যান্ডকে শুভকামনা জানিয়েছেন। তার ভাষায়, ‘আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। এখন ইংল্যান্ডের জন্য শুভকামনা।’

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

আরআর/আইএন