নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো শেষ চারে জায়গা করে নিল থ্রি লায়ন্স।
ইংল্যান্ডের আগের তিনটি সেমিফাইনাল যাত্রার ইতিহাসও বেশ নাটকীয়।
১৯৬৬: নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড। পরে ফাইনালে পশ্চিম জার্মানিকে অতিরিক্ত সময়ে ৪-২ গোলে হারিয়ে ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে তারা।
১৯৯০: ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ১-১ ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও স্বাগতিক ইতালির কাছে ২-১ গোলে পরাজিত হয়ে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করে।
২০১৮: রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে আবারও চতুর্থ স্থানেই শেষ করতে হয় তাদের।
২০২৬: এবার থমাস টুখেলের অধীনে আবারও শেষ চারে ইংল্যান্ড। নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠে তারা এখন অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা বা সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের। ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে থ্রি লায়ন্স।
আরআর/আইএন








