বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে নরওয়ে। আর সেই হারেই যেন আনন্দে মেতে ওঠেন ব্রাজিলের সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নরওয়েকে নিয়ে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রূপের বন্যা।

রাউন্ড অব ১৬-তে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের ক্ষোভ যেন এখনো ভুলতে পারেননি ব্রাজিলিয়ানরা। তাই নরওয়ের বিদায় নিশ্চিত হতেই অনেকেই মজা করে লিখেছেন, ‘এবার বৈঠা বেয়ে বাড়ি ফিরে যাও।’

এই মন্তব্যের পেছনে রয়েছে নরওয়ের খেলোয়াড়দের বিখ্যাত ভাইকিংদের বৈঠা চালানোর উদযাপন, যা তারা এবারের বিশ্বকাপে প্রতিটি গুরুত্বপূর্ণ জয়ের পর করতেন। সেই উদযাপনকেই ব্যঙ্গ করে ব্রাজিলিয়ান সমর্থকেরা নরওয়েকে বিদায় জানান।

বোস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে অনেকেই ভেবেছিলেন ম্যাচের ভাগ্য নির্ধারণ করবেন এরলিং হালান্ড বা হ্যারি কেইন। কিন্তু আলো কেড়ে নেন জুড বেলিংহাম। ইংল্যান্ডের মিডফিল্ড তারকা জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দেন।

ম্যাচের প্রথমার্ধে আন্দ্রেয়াস স্কেলদেরুপ নরওয়েকে এগিয়ে দিলেও, পরে বেলিংহামের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচ ঘুরিয়ে দেয় ইংল্যান্ড।

এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। এর আগে ১৯৬৬ সালে শিরোপা জয়, ১৯৯০ সালে চতুর্থ স্থান এবং ২০১৮ সালেও চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল থ্রি লায়ন্স। এবার তাদের সামনে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন।

আরআর/আইএন