বেলিংহামের জোড়া গোল ও কেইনের পেনালটি থেকে করা গোলে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ৩-২ গোলে জয়ের পর নিজেদের লড়াইয়ের কাহিনি শোনালেন ইংল্যান্ডের জয়ের দুই নায়ক। বাংলাদেশ সময় সোমবার সকালে শেষ ষোলোর ম্যাচ শেষে কেইন জানান, মাঠে এত চিৎকার করতে হয়েছে যে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমাদের লড়তে হয়েছে। জয়ের পথ বের করতে হয়েছে।’ পরে এক সাক্ষাৎকারে কেইন জানিয়েছেন, শরীরে আর একটুও ক্ষমতা নেই তার। কেইন বলেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। কথা বলতে পারছি না। শরীরে আর কিছু নেই। খুব ক্লান্ত।’
একই কথা বেলিংহামেরও। জয়ের কৃতিত্ব গোটা দলকে দিয়েছেন তিনি। বেলিংহাম বলেন, ‘ভাষা খুঁজে পাচ্ছি না। এই জয়ে দলের প্রত্যেকের অবদান আছে। যেভাবে আমরা ডিফেন্ড করেছি, কঠিন পরিস্থিতিতে গোল করেছি, তা সত্যিই অসাধারণ। শেষ বাঁশি বাজা পর্যন্ত একটা দল হিসাবে আমরা লড়েছি। এটাই তো একটা দলের কাজ।’ আজতেকা স্টেডিয়ামে এর আগে বিশ্বকাপে হারেনি মেক্সিকো। তাই ইংল্যান্ডের সামনে লড়াই সহজ ছিল না। তার উপর শুরু থেকে কেইনকে আটকে রেখেছিলেন মেক্সিকোর ডিফেন্ডাররা। ফলে বেলিংহাম গোল করার দায়িত্ব নেন। প্রথমার্ধে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে এক গোল শোধ করে মেক্সিকো। দ্বিতীয়ার্ধে ১০ জনে হয়ে যাওয়ার পরও হাল ছাড়েনি ইংল্যান্ড। পেনালটি থেকে গোল করেন কেইন। পেনালটি থেকে মেক্সিকো আরও এক গোল শোধ করে। কিন্তু শেষ পর্যন্ত পারেনি তারা। ৩-২ গোলে মেক্সিকোকে হারিয়ে শেষ আটে চলে যায় ইংল্যান্ড। সেখানে তাদের প্রতিপক্ষ নরওয়ে।








