বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় ইংরেজি বানান প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। এতে প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে থাকছে দৈনিক যুগান্তর।
আয়োজক সূত্রে জানা গেছে, ২০ জুন রাজধানীর চ্যানেল আই স্টুডিওতে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক প্রচারণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আয়োজকরা জানান, আগামী আগস্টে রাজধানীর দুটি ভেন্যুসহ দেশের ৩৪টি জেলা সদরে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে।
সেখান থেকে নির্বাচিত প্রায় ৩৫০ থেকে ৪০০ জন প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত সেরা ১০০ শিক্ষার্থীকে নিয়ে চ্যানেল আইতে প্রচার করা হবে ১৩ পর্বের ‘শাহীন শিক্ষা পরিবার চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’ রিয়েলিটি শো। ধাপে ধাপে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের সেরা স্পেলিং স্টার ২০২৬।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে ৩ লাখ টাকা, প্রথম রানার-আপ ২ লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপ পাবে ১ লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী প্রত্যেকে পাবে ৫০ হাজার টাকা। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেকে একটি করে ল্যাপটপ পুরস্কার হিসাবে পাবে। বাকি সব শিক্ষার্থী অংশগ্রহণের সনদ পাবে।








