দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), নেটওয়ার্ক অবকাঠামো ও কর্মীদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঢাকায়। এ সময় আগামী সাত দিনের মধ্যে এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা হলে গ্রাহকদের সাপোর্ট সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম।
তিনি বলেন, বর্তমানে ইন্টারনেট কোনো বিলাসী সেবা নয়, এটি দেশের ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি সেবা ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভিত্তি। অথচ সম্প্রতি ইন্টারনেট খাতের অবকাঠামো, প্রতিষ্ঠান ও কর্মীদের ওপর হামলা, নেটওয়ার্ক দখল এবং চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনকহারে বেড়েছে।
আমিনুল হাকিম অভিযোগ করেন, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি আইএসপি প্রতিষ্ঠানের কার্যালয় এবং চট্টগ্রামে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আগামী সাত দিনের মধ্যে এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা হলে গ্রাহকদের সাপোর্ট সার্ভিস বন্ধ রাখার ঘোষণা আইএসপিএবির।
তিনি আরও বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশে সংশোধন এনে ইন্টারনেটকে নাগরিক সেবা হিসেবে স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে ইন্টারনেট খাতের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার বিধান যুক্ত করারও দাবি জানান তিনি।
আরও পড়ুন
২ কোটি চাঁদা দাবি / ডেভিড ইমন ও ইন্টারনেট ব্যবসায়ীর ফোনালাপ, যা জানা গেলো
আইএসপিএবি সভাপতি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে চট্টগ্রামের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সাপোর্ট সার্ভিস বন্ধ রাখতে বাধ্য হবে। তবে তারা সরকারকে আলটিমেটাম দিতে চান না বরং পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বের প্রায় সব কার্যক্রমই ইন্টারনেটনির্ভর। তাই ইন্টারনেট খাতের ওপর হামলা দেশের স্বার্থের পরিপন্থি। তিনি বলেন, ইন্টারনেট ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ বিষয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন মিজানুর রহমান মিজু, রেজাউল করিম ও মো. রাজনসহ অন্যান্যরা।
ইএইচটি/এসএনআর








