যুদ্ধবিরতি ভেঙে নতুন দফা মার্কিন হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় ১৩তম রাতে ইরানের ছয়টি প্রদেশে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ছয়জন নিহত এবং বহু সাধারণ মানুষ আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে বলে জানানো হয়েছে।
এর প্রতিবাদে কুয়েতে থাকা আলি আল সালেম বিমানঘাঁটির একটি বিশাল গোলাবারুদের গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর পাশাপাশি জর্ডান ও কাতারে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে আইআরজিসি।
আইআরজিসির দাবি, ‘অপারেশন নাসর-২’-এর ২৭তম ধাপে এ হামলার ফলে গোলাবারুদের গুদামটি একাধিক বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘাঁটিতে সেনাসদস্যদের অবস্থানের জন্য ব্যবহৃত হ্যাঙ্গারগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়। ছয়টি বড় হ্যাঙ্গার সম্পূর্ণ ধ্বংস হয়েছে, আর আরও তিনটি হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুজেস্তানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ভালিউল্লাহ হায়াতি জানান, আহভাজ শহরের আশপাশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হওয়া একাধিক শহরের মধ্যে আহভাজ অন্যতম।
তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা দল কাজ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
হায়াতি আরও জানান, আন্দিমেশক ও ওমিদিয়েহ শহরের আশপাশেও হামলা হয়েছে। তবে, এসব হামলায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) আহভাজ, রামশির, আন্দিমেশক এবং শালামচেহ সীমান্ত টার্মিনালের আশপাশে হামলা চালানো হয়। শালামচেহ সীমান্ত টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত এবং ১১ জন আহত হন।
অন্যদিকে, শুক্রবার (২৪ জুলাই) সকালে হরমোজগান প্রদেশের বান্দার আব্বাস শহরের তাপ্পেহ আল্লাহ আকবার এলাকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন আহত হন। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কর্মকর্তারা জানান, হামলায় বৈদ্যুতিক খুঁটি ও বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্দর আব্বাসের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে বিদ্যুৎ বিতরণ কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
এদিকে, ইসফাহান প্রদেশের নায়েন শহরের একটি এলাকায় শুক্রবার সকালে নতুন করে মার্কিন হামলার খবর পাওয়া গেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া লোরেস্তান প্রদেশের খোররমাবাদ এবং মারকাজি প্রদেশের খান্দাব এলাকাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এখন পর্যন্ত এসব এলাকায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কাজ করছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গিলান প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি স্থাপনায় হামলা চালায়। এতে স্থাপনাটির কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সূত্র: ইরনা/মেহের নিউজ এজেন্সি
কেএম








