ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে প্রশান্ত কুমার দাস নামে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি শহরের কলেজপাড়া এলাকার ননী গোপাল দাসের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ পাওয়ার পর প্রশান্তকে থানায় আনা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে শহরের কলেজ রোডে এক চায়ের দোকানে কয়েকজন বসে চা পান এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় একজন বলেন, ইসলাম শান্তির ধর্ম। এর পরপরই প্রশান্ত ইসলাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। তখন সেখানে উপস্থিত কয়েকজন মুসলিম এ বিষয়ে প্রতিবাদ জানালে তিনি দ্রুত তার বাড়ি চলে যান। বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রশান্তর বাড়ি গিয়ে তাকে থানায় নিয়ে যায়।