এদিকে লেবানন ও ইসরাইলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত নতুন কাঠামোগত চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। চুক্তিটিকে ‘অপমানজনক, লজ্জাজনক এবং লেবাননের সার্বভৌমত্বের আত্মসমর্পণ’ বলে আখ্যায়িত করেছেন হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার স্বাক্ষরিত হয় এ চুক্তি। চুক্তির অন্যতম শর্ত হিসাবে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি উঠে এসেছে। এদিকে লেবাননের সঙ্গে শান্তিচুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করেছে ইসরাইল। স্থানীয় সময় শনিবার নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, হামলার স্থানটি নিরাপত্তা অঞ্চলের বাইরে, যেটি নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, স্থলসেনা না থাকায় ড্রোন ব্যবহার করে এমন একজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যাকে হুমকি হিসাবে বিবেচনা করা হয়েছিল।








