অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এক বিবৃতিতে জানায়, সপ্তাহের শুরুতে ইসরাইলি দখলদার বাহিনীর ছোড়া গুলিতে ৩২ বছর বয়সি এ ফুটবলার নিহত হন। পিএফএর উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার মিডল ইস্ট মনিটর এ খবর জানায়। পিএফএ বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরু পর আল-আশকারসহ এক হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন আল-আশকার। তার স্ত্রী সন্তানসম্ভবা। তার মৃত্যুর খবরে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনের ক্রীড়াঙ্গন এবং বিশ্বের নানা প্রান্তে ফুটবলপ্রেমীদের শোক প্রকাশ করতে দেখা গেছে। আল-আশকার নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন চিলির ফুটবল ক্লাব ডেপোর্তিভো প্যালেস্তিনো।