গাজার ‘নিরাপদ অঞ্চল’ হিসাবে ঘোষিত এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। তথাকথিত এই ‘যুদ্ধবিরতি’র মধ্যেই ইসরাইলি হামলায় গাজায় আরও এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। শনিবার একটি ড্রোন হামলায় দুটি অস্থায়ী তাঁবু বিধ্বস্ত হলে ইসলাম মুসা (১৫) এবং তার বড় ভাই আবদুল্লাহ মুসা (৩০) নামের দুই ভাই-বোন নিহত হন। আলজাজিরা। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার ওই দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধারকারী দল সাতজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। আহতদের নাসের হাসপাতাল ও রেড ক্রস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আঙিনায় সাদা কাফনে মোড়ানো দুই ভাই-বোনের লাশের পাশে তাদের আত্মীয়-স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এর আগে দক্ষিণ গাজায় চালানো ইসরাইলি বোমাবর্ষণে গুরুতর আহত ১০ বছর বয়সী আরেক ফিলিস্তিনি শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নাসের হাসপাতালের একটি সূত্র আনাদোলু বার্তা সংস্থাকে জানায়, ওয়ালিদ ইউসুফ আবু জাজার নামের ওই শিশুটি কয়েক দিন আগে আল-মাওয়াসিতে হওয়া ইসরাইলি হামলায় আহত হয়েছিল।

এদিকে, পশ্চিম গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া আরেকটি তাঁবুতে ইসরাইলি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।