গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছানোর ওপর চলমান ইসরায়েলি নিষেধাজ্ঞার প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী স্টকহোমে শত শত মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এই বিক্ষোভে অংশ নেন।শনিবার (৪ জুলাই) ওডেনপ্লান স্কোয়ারে কয়েকটি বেসরকারি সংস্থার (এনজিও) উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। আজ রোববার (৫ জুলাই) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদেলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা গাজার সমর্থনে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানানো হয়।সমাবেশ থেকে বিক্ষোভকারীরা সুইডিশ সরকারের প্রতি জোর দাবি জানান যেন, তারা ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করে। একই সঙ্গে অবিলম্বে দেশটির কাছে সব ধরনের অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধ করারও আহ্বান জানানো হয়। তারা বলেন, "গাজায় যা হচ্ছে তা কোনো সাধারণ সংঘাত নয়; এটি সরাসরি গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান।"উল্লেখ্য, গাজায় দীর্ঘ সময় ধরে চলা ইসরায়েলি হামলা এবং অবরুদ্ধ সাধারণ মানুষের জন্য খাদ্য-ওষুধসহ মানবিক সহায়তা আটকে দেওয়ার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার সুইডেনের রাজপথে নামলেন শত শত সাধারণ মানুষ।
রাজনীতি
ইসরায়েলের বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ

শেয়ার করুন







