ঈশ্বরদীতে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট বোঝাই দুটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নে দিয়াড় বাঘইলে লালন শাহ সেতু সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। ঝুটগুলো ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ঝুটবাহী ট্রাক দুটি উদ্ধার করেছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছিনতাই হওয়া ঝুটসহ মালামালের দাম ৭০ লাখ টাকা বলে জানা গেছে।

বুধবার দুপুরে মুঠোফোনে পাবনার ডিবির ইনচার্জ ইন্সপেক্টর রাশেদুল ইসলাম বলেন, ঘটনাটি শুধু ছিনতাই বললে ভুল হবে। এটি ডাকাতি। কারণ সন্ত্রাসীরা সংখ্যায় ১০ থেকে ১২ জন ছিল। ট্রাক দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। অভিযানের আগেই জড়িতরা প্রাইভেট কারে সটকে পড়ে। তবে তাদের সবার নাম, পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্র জানায়, ছিনতাই হওয়া ঝুটগুলো মঙ্গলবার ইপিজেড থেকে ৬টি ট্রাকে বের করে আনা হয়। এরপর রাত ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল তেলপাম্প সংলগ্ন একটি ওজন স্কেলে পরিমাপের জন্য আনা হলে হঠাৎ ১০ থেকে ১২ জন যুবক কয়েকটি মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে উপস্থিত হন। তারা ট্রাক চালক, হেলপার ও ওজনযন্ত্রের কয়েকজন কর্মচারীকে কিলঘুসি মেরে জোরপূর্বক ঝুটবোঝাই ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে জিম্মি ট্রাক চালক ও ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করে। এ ঘটনায় রাতে ঈশ্বরদী থানায় মামলা হয়। এতে বাদী হয়েছেন পাকশীর যুক্তিতলা গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে বিপ্লব। মামলায় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, পুরো ঘটনাটি তদন্ত করছে পাবনা গোয়েন্দা পুলিশ। তবে মামলা হয়েছে ঈশ্বরদী থানায়।