ইতালির রোমে এক বাংলাদেশি পরিবারের তিনজনকে হত্যার অভিযোগে শাহাদাত হোসেন নামের আরেক বাংলাদেশিকে খুঁজছে দেশটির পুলিশ। এরই মধ্যে তার নাম-ছবি পুলিশের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাতে রোমের উত্তর-পশ্চিম মন্তিলিও এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কামাল উদ্দিন (৩৯) এবং তার স্ত্রী আরজু (৩৮) ও মেয়ে আলিশিয়া (৫)। আহত হন ছেলে অয়ন (২০)। তাদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।
আরও পড়ুন
ইতালিতে ৩ বাংলাদেশি খুন: নোয়াখালীর বাড়িতে শোকের মাতম
শাহাদাতের সন্ধান চেয়ে পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, রোমের সরকারি কৌঁসুলির কার্যালয়ের নির্দেশে প্রকাশিত ছবিতে থাকা এই ব্যক্তিকে রোমে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, এ ব্যক্তির পরিচয় শাহাদাত হোসেন। তিনি ১৯৮৩ সালের ১০ মে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য বা সন্ধান জানা থাকলে রোম পুলিশ সদর দপ্তরের মোবাইল স্কোয়াডের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল জব্দ করেছে। আসামি এখনো পলাতক রয়েছেন। বিশেষ অভিযান চলছে তাকে গ্রেফতার করতে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য নমুনা সংগ্রহের কাজ পুলিশ অব্যাহত রেখেছে। নিরাপত্তাব্যবস্থা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে।
এই ঘটনায় ইতালিজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
একিউএফ/এমএস








