ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে ২১ জুন থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনেরও বেশি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এই তথ্য জানান।

গেব্রেয়েসুস বলেন, বর্তমানে ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহের মধ্যে বসবাস করছেন। এরই মধ্যে শত শত মানুষের মৃত্যু হয়েছে, অনেক স্কুল বন্ধ করে দিতে হয়েছে ও অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার চাপে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (গ্রিড) হিমশিম খাচ্ছে।

তিনি আরও জানান, ২১ জুন থেকে ইউরোপে উচ্চ তাপমাত্রার সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার ৩০০ টিরও বেশি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, চলমান এই তাপপ্রবাহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলকে প্রভাবিত করছে এবং পরিস্থিতি জনস্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

সূত্র: এএফপি

এসএএইচ