মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, কোনো ইউরোপীয় দেশ যদি আমেরিকান প্রযুক্তি সংস্থাগুলোর ওপর ডিজিটাল পরিষেবা কর আরোপ করে, তবে তিনি সে দেশের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবেন।

শুক্রবার রাতে ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘বহু ইউরোপীয় দেশ’ এই ধরনের শুল্ক আরোপের বিষয়ে আলোচনা করছে এবং কেউ কেউ তা করার খুব কাছাকাছি রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার মাত্র কয়েক দিন পরেই, যেসব ইউরোপীয় দেশ এ ধরনের কর চালু বা সংশোধন করার পরিকল্পনা করছে, তাদের বিরুদ্ধে ট্রাম্পের প্রতিশোধমূলক পদক্ষেপের হুমকি এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে জানিয়েছেন, এই শাস্তিমূলক জরিমানা অবিলম্বে প্রয়োগ করা হবে এবং এটি বিদ্যমান যেকোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিকে সম্পূর্ণরূপে ‘বাতিল’ করে দেবে।

ট্রাম্প লিখেছেন, “এই বিবৃতিটি থেকে এটাই প্রতীয়মান হয় যে, যে কোনো দেশ এই ধরনের কর আরোপ করলে, যুক্তরাষ্ট্রে পাঠানো যেকোনো এবং সমস্ত পণ্যের ওপর অবিলম্বে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।”

২০২৫ সালে পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাম্প অনেক দেশের ওপর বড় অংকের শুল্ক আরোপের চেষ্টা করেছেন। ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের প্রথম প্রচেষ্টাটি বাতিল করে দেয়।