গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাকিল খান দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এ কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণকে তার সঙ্গে দলের নামে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, রবিবার দিবাগত রাতে ৮ পিস ইয়াবাসহ শাকিলকে আটক করে পুলিশ। সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

শাকিল খান উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে ও এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় তারা জানতে পারে, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা জায়গায় মাদক কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাকিল। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার এসআই মো. নওশের আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

সেলিম রেজা বলেন, “আটক এনসিপি নেতাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।”

সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান বলেন, “জাতীয় নাগরিক পার্টি সব সময় মাদক, জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে। দলের গঠনতন্ত্র অনুযায়ী, শাকিল মিয়ার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হয়েছে।”