টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকা স্পেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার বেলজিয়ামের মুখোমুখি হবে। পর্তুগালের বিপক্ষে যোগ করা সময়ের গোলে জয়ের পর স্পেনের মিডফিল্ডার দানি ওলমো মনে করেন, টুর্নামেন্টজুড়ে তাদের দলের পারফরম্যান্স ধারাবাহিকভাবে উন্নতি করছে।

ওলমো বলেন, ‘আমরা অন্য দলগুলো কী করছে, সেটি নিয়ে ভাবছি না। আমরা জানি আমরা কী করতে সক্ষম। এই বিশ্বকাপে আমরা কোথায় উন্নতি করেছি, সেটিও জানি। আবার কোথায় আরও উন্নতির সুযোগ রয়েছে, সেটাও আমাদের জানা। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছি এবং সেমিফাইনালে ওঠার জন্য পরের ম্যাচেও সেটাই দেখাতে চাই।’

ওলমোর মতে, স্পেনের আরও উন্নতির অন্যতম বড় ক্ষেত্র হলো তরুণ তারকা লামিন ইয়ামালের সর্বোচ্চ পারফরম্যান্স বের করে আনা। চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরেছিলেন ইয়ামাল এবং কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

ইয়ামালকে নিয়ে ওলমো বলেন, ‘আমি ওকে এখন অনেক ভালো অবস্থায় দেখছি। শুরুর সমস্যাগুলো কাটিয়ে সে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। মাঠে নেমে নিজের সামর্থ্য দেখানোর জন্য সে ভীষণ আগ্রহী। সে আমাদের অনেক সাহায্য করছে, এবং আমি বিশ্বাস করি সামনে আরও বেশি অবদান রাখবে।’

তিনি আরও যোগ করেন, ‘ইয়ামাল যখন বল পায়, তখন প্রতিপক্ষের দুই বা তিনজন খেলোয়াড় তাকে মার্কিং করতে যায়। এতে মাঠের অন্য পাশে আমাদের জন্য জায়গা তৈরি হয়। আমরা নিশ্চিত, সে সামনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে ও ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

আরআর/আইএন