এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে অনেকের ফেভারিট ছিলেন লামিনে ইয়ামাল। কিন্তু স্পেনের তরুণ জাদুকর দারুণ খেললেও এখন পর্যন্ত পাঁচ ম্যাচে করতে পেরেছেন মাত্র এক গোল। বুড়ো হাড়ের ভেলকিতে সবাইকে মন্ত্রমুগ্ধ করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এখন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে সর্বোচ্চ আট গোল করেছেন ৩৯ বছর বয়সি মহানায়ক। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে পেনালটি মিসের পরও একটি করে গোল ও অ্যাসিস্টে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ের নায়ক মেসি। ফুটবলপ্রেমীদের মতোই ইয়ামালও মজেছেন মেসিতে। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে আর্জেন্টাইন জাদুকরের পারফরম্যান্স নিয়ে ইয়ামাল বলেছেন, ‘এক কথায় অবিশ্বাস্য। সবাই জানে, মেসি কে। কিন্তু এই বয়সে বিশ্বকাপে তিনি এমন উঁচুমানের ফুটবল খেলবেন, তা কেউ ভাবতে পারেনি। তার পারফরম্যান্সে আমার মন ভরে গেছে। আমি অনেক খুশি।’

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ বেলজিয়ামের মুখোমুখি হবে ইয়ামালের স্পেন। শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ব্রাজিলের বিদায়ে সমাপ্তি ঘটেছে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের। মেসির মতো নেইমার ও রোনাল্ডোও ছিলেন ইয়ামালের শৈশবের হিরো। নিজের প্রথম বিশ্বকাপে তিন মহানায়কের উপস্থিতি নিয়েই ইয়ামাল বলেছেন, ‘মেসির মতো নেইমার ও ক্রিশ্চিয়ানোর জন্যও আমি খুশি। যদিও তারা দুজন এখন আর বিশ্বকাপে নেই। তারা আমাদের প্রজন্মের খোলোয়াড়দের শৈশবের নায়ক। তাদের যে কোনো ভালোতেই আমি খুশি। এখন আমি যদি ফাইনাল পর্যন্ত যেতে পারি, শিরোপা নিয়েই দেশে ফিরতে চাইব।’

আজকের ম্যাচ নিয়ে ইয়ামালের সংযোজন, ‘টুর্নামেন্ট যত এগোচ্ছে, ততই ছন্দ ফিরে পাচ্ছি। বেলজিয়ামকে দেখাতে চাই দল হিসাবে আমরা কেমন এবং আমি কি করতে পারি।’