জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৩০ কোটি টাকার মূল বাজেট অনুমোদন করা হয়েছে। হল নির্মাণের ৩০ কোটি টাকা, বিশেষ বৃত্তির জন্য ৬০ কোটি টাকাসহ মোট ১৪৩ কোটি ৩৯ লাখ টাকা ঘাটতি বাজেট ধরা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১২তম (বিশেষ) সভায় বাজেট অনুমোদন দেওয়া হয়। ঘাটতি বাজেট পূরণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে বলে সভায় জানানো হয়।

এদিকে গত অর্থবছরে এমফিল ও মাস্টার্স থিসিসে জন্য চার কোটি টাকা বরাদ্দ থাকলেও এবার কোনো বরাদ্দ রাখা হয়নি। এছাড়া সম্পূরক বৃত্তি বাবদ ৬০ কোটি টাকাও ঘাটটি বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে পরবর্তী অর্থ বছর থেকে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

অনুমোদিত বাজেট অনুযায়ী, ইউজিসির সম্ভাব্য বরাদ্দ ১৫৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ২৭ কোটি ৫০ লাখ টাকা এবং ঘাটতি ধরা হয়েছে ১৪৩ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা। বাজেটে গবেষণা খাতে ৮ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৩০ লাখ টাকা, অন্যান্য অনুদানে ৬২ কোটি ৬ লাখ ৩৪ হাজার টাকা, যন্ত্রপাতি ক্রয়ে ৫ কোটি ৯৭ লাখ টাকা, যানবাহন খাতে ৫ কোটি টাকা, তথ্য ও প্রযুক্তি খাতে ২ কোটি ৩০ লাখ টাকা এবং অন্যান্য মূলধন ব্যয়ে ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।