দুই বছরের জন্য বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসীকে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে শুনানি শেষে আইনজীবী ফজলুর রহমান বলেন, ইনিসীর কাছে বা তার কক্ষে কোনো ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়নি। তিনি গাঁজা সেবনও করেননি বলে আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে ১৮ এপ্রিল সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে হল প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। রুমটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের তনুজা তিথির নামে বরাদ্দ ছিল। অভিযানের সময় সেখানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের সানজিদা আমীর ইনিসীও উপস্থিত ছিলেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনায় ১৭ জুন মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের অভিযোগে ওই দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে অভিযুক্ত তনুজা তিথির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার জোর সুপারিশ করা হয়।








