জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসিতে ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে এক বহিরাগত তরুণকে আটক করা হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে আটক রিয়াজ আহমেদ (রাজ) কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি একটি ইলেকট্রনিক্স গ্রুপের ব্রাঞ্চ ম্যানেজার বলে জানা গেছে।

অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, রিয়াজ টিএসসিতে ছাত্রীদের ওয়াশরুমে ঢোকার সময় এক শিক্ষার্থী তার পরিচয় ও প্রবেশের কারণ জানতে চান। এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান।

পরে তারা রিয়াজকে আটক করে তার ফোন পরীক্ষা করে শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পান। এছাড়া তার ফোনে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলও পাওয়া গেছে। যেগুলোর সঙ্গে এ ধরনের ভিডিও আদান-প্রদানের সংশ্লিষ্টতা রয়েছে। একই সঙ্গে তার ফোনে নারীদের আরও ভিডিও পাওয়া গেছে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানান।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হবে। মামলার পর তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’