জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে দেবাশীষ চৌধুরী নামে এক সাবেক যুবদল নেতাকে আটক করেছে নিরাপত্তা শাখা। এ সময় তার কাছ থেকে দুটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আটক দেবাশীষ ঢাকার ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাইশাকান্দা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী। জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে তিনি ক্যাম্পাসে এসেছিলেন। অভিযোগ রয়েছে, বটতলা এলাকায় অবস্থানকালে দেবাশীষ দুই ছাত্রীর অজান্তে তাদের ছবি তোলেন। বিষয়টি টের পেয়ে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে যান। এসময় নিরাপত্তা অফিসে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ বলেন, ‘আমি বটতলায় খাওয়া-দাওয়া করেছি। খাওয়া-দাওয়ার পরে আমি কিছু মেয়ের গোপনে ছবি তুলেছি। এই ছবিগুলো আমার তোলা ঠিক হয়নি। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর কখনও আমি ছবি তুলতে ক্যাম্পাসে আসব না। এমনকি পুরো বাংলাদেশে আর কখনও কারও অনুমতি ছাড়া এভাবে ছবি তুলব না।’ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত ব্যক্তি নিঃশর্তে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন। তাই শর্ত সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।








