গত শুক্রবার সন্ধ্যা। চরকির কার্নিভ্যালে স্ত্রী রোবেনা রেজাসহ প্রবেশ করলেন অভিনেতা মোশাররফ করিম। আসন গ্রহণের আগেই হঠাৎ তাঁকে দেখে পেছনে তাকালেন আরেক অভিনেতা জাহিদ হাসান। সঙ্গে সঙ্গে জাহিদ হাসান হেসে বললেন, ‘মোশাররফ, তোকে যে আমি কী করব।’ এতে কিছুটা ঘাবড়ে গেলেন মোশাররফ করিম। ঘটনা কী?

কৌতূহল নিয়ে মোশাররফ করিম বললেন, ‘ভাই, কেমন আছেন?’এরপর তাকিয়ে থাকলেন জাহিদ হাসানের দিকে। এবার জাহিদ হাসান বললেন, ‘তোর অভিনয় অসাধারণ হয়েছে, ভাই। আমি মুগ্ধ। পুরো সিনেমাটি আমাকে ইমোশনাল করেছে। আমি তোর অভিনয় দেখে কেঁদে ফেলেছি। আরও ভালো অভিনয় কর, তোর জন্য সব সময় দোয়া ও ভালোবাসা।’

জাহিদ হাসান

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া মূলত তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা নিয়েই দুই গুণী অভিনেতার কথা হয়।

মোশাররফ করিমের পছন্দের অভিনেতাদের একজন জাহিদ হাসান। তাঁর কাছ থেকে এমন প্রশংসা শুনে কিছু সময়ের জন্য থেমে গেলেন মোশাররফ করিম। ‘আপনার ভালো লাগছে জেনে খুশি হয়েছি। আপনার কাছ থেকে এমন মন্তব্য আমার জন্য সম্মানের।’ পরে মোশাররফ করিম আরও বলেন, ‘জাহিদ ভাই আপনার সঙ্গে অনেক দিন কথাও হয় না। আপনার শরীর ভালো?’

চরকির কার্নিভ্যালে পুরস্কার হাতে মোশাররফ করিম

তখনো আসন গ্রহণ করেননি মোশাররফ করিম দম্পতি। জাহিদ হাসান তাঁদের বসতে বললেন। সামনের সিট থাকার পরেও জাহিদ হাসানের পেছনে সারিতে বসলেন মোশাররফ করিম। এবার জাহিদ হাসানের সঙ্গে জমে গেল ক্ষণিকের আড্ডা। জাহিদ হাসান বললেন, ‘তোর অভিনয় দেখে আমি এতটাই ইমোশনাল হয়েছি যে তোকে এসএমএস করে জানিয়েছি। তুই মনে হয় দেখিস নাই।’ এবার দেখা গেল জাহিদ হাসানের এসএমএস করা নম্বরটি মোশাররফ আর ব্যবহার করেন না। তাঁরা একে অন্যের নম্বর নিলেন।

‘আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে কেন লিখবেন না’—সুনেরাহ্‌কে পেয়ে বললেন রাজ
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার দৃশ্যে মোশাররফ করিম ও শরীফুল রাজ

পরে কথা হয় জাহিদ হাসানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেছে। আমি মুগ্ধ হয়েছি। আমার যেটা ভালো লেগেছে, সেটাই মোশাররফকে বলেছি।’ এ সময় দীর্ঘনিশ্বাস নিয়ে জাহিদ হাসান বলতে শুরু করলেন, ‘আমাদের এখানে তো বদনাম ছাড়া তেমন ভালো কিছু কেউ সহকর্মীকে নিয়ে বলে না। সমালোচনা তো কেউ নিতেই পারে না। আমার কাছে মোশাররফ করিম, রাজ—সবার অভিনয় ভালো লেগেছে। পুরো সিনেমাটাই মুগ্ধ করেছে। সিনেমাটি দেখে আমি কেঁদেছি, বারবার ইমোশনাল হয়েছি। সেটাই মোশাররফকে সামনে পেয়ে বললাম।’