জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের দেশের শীর্ষস্থানীয় ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত করার লক্ষ্যে ক্যাম্পাসে বসছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’।

জাহাঙ্গীরনগরি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

ক্যারিয়ার হাবের নিবেদনে ও ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত এ জব ফেয়ারে দেশের ২৫টির বেশি করপোরেট প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মেলায় শিক্ষার্থীদের জন্য সাত শতাধিক চাকরির সুযোগ থাকবে।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে আয়োজনটি। এতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত জমা দিয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রথম বর্ষসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিভিন্ন খাতের কর্মপরিবেশ, চাকরির সুযোগ ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা নিতে পারবেন।

আয়োজনের বিষয়ে জাকসুর যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, “আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের সব স্তরের শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে যুক্ত করা। শিক্ষার্থীরা যেন এখন থেকেই জানতে পারে, নির্দিষ্ট কোনো খাতে কাজ করতে কী ধরনের দক্ষতা প্রয়োজন এবং সে অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারে—আমরা সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিতে চাই।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য মেলায় বিনা মূল্যে আইসক্রিম ও কফির পাশাপাশি বিভিন্ন গেম সেগমেন্টের ব্যবস্থা থাকবে।

এছাড়া, আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বিশেষ ক্যারিয়ার সেশন। এতে ইউনেসকোর একজন প্রতিনিধি এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন ও কর্মজীবনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করবেন।