সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ১১টি ডেটোনেটর, ১১টি বিস্ফোরক (এক্সপ্লোসিভ) এবং একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৭ জুন) রাত ১০টার দিকে জকিগঞ্জ বিজিবি (১৯ ব্যাটালিয়ন) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
১৯ বিজিবি সূত্র জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১টি ডেটোনেটর, ১১টি বিস্ফোরক এবং একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে কাউকে আটক করা না গেলেও জব্দ করা আলামতগুলো আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বিস্ফোরক ও অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে সেগুলো জব্দ করা সম্ভব হয়েছে।”
তিনি আরো বলেন, “সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার রয়েছে। সীমান্ত ব্যবহার করে অস্ত্র, বিস্ফোরক কিংবা অন্য কোনো অবৈধ পণ্য চোরাচালানের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”








