দিনভর বৃষ্টিতে মঙ্গলবার রাজধানীর জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হয়। রিমঝিম থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে বড় ধরনের জলাবদ্ধতা না হলেও বিভিন্ন এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। এতে করে নগরবাসীর স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়েছে।

সরেজমিন দেখা গেছে, নগরীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কসংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ে। এতে এলাকাটিতে সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশানের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন। একই চিত্র ছিল মিরপুর-১০, মিরপুর-১, বসিলা থেকে ওয়াশপুর সড়ক, নিউমার্কেট, বকশিবাজারসহ নগরীর অর্ধশত এলাকায়।

আবহাওয়া দপ্তর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ভারি বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ভারি বৃষ্টির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের গতি কমে যায়। বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যানজটের সৃষ্টি হয়। অফিসগামী ও কর্মস্থল থেকে ফেরা যাত্রীদের দীর্ঘ সময় গণপরিবহণের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। অনেকে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে বাসায় ফেরেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দীন যুগান্তরকে বলেন, মঙ্গলবার দিনভর বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি ধরনের হয়েছে। এজন্য নগরীতে বড় ধরনের কোনো জলজট বা জলাবদ্ধতা হয়নি। কোনো কোনো এলাকায় পানি জমলেও তাতে নগরবাসীর তেমন ভোগান্তি হয়নি। এরপরও কোথাও যাতে বৃষ্টির পানি জমে না থাকে সে বিষয়ে ডিএসসিসির সংশ্লিষ্টরা সতর্ক রয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদ যুগান্তরকে বলেন, মঙ্গলবারের দিনভর বৃষ্টিতে নগরীর বিভিন্ন পয়েন্টে জলজট ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেসব যাতে বড় ভোগান্তির কারণ না হয় সেদিকে ডিএনসিসির দায়িত্বপ্রাপ্তরা খেয়াল রেখেছেন। মাঠে ‘কুইক রেসপন্স’ টিমের সদস্যরা কর্মরত রয়েছেন।