জামালপুরের সরিষাবাড়ীতে ছেলের নামে জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী রাশেদা বেগম হাতে কুরআন শরিফ নিয়ে কান্না করতে করতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। জানা যায়, গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম উত্তরাধিকার বাবার বাড়ি থেকে ৫৬ শতাংশ জমি পান। পরে তিনি আট লাখ টাকায় ওই জমি ভাইদের কাছে বিক্রি করে নিজের নামে নতুন জমি ক্রয় করেন। অভিযোগ রয়েছে, সেই জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন।

এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেয়। রাশেদা বেগম বলেন, ছেলে সব সময় জমি নিজের নামে লিখে দিতে চাপ দিয়ে আসছিল।