জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবির সমালোচনা করেছেন দলটির সংসদ-সদস্য এটিএম আজহারুল ইসলাম। সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জামায়াত নিষিদ্ধ করার কথা বলেছেন। আমি শুধু একটা কথা বলতেছি, এর মাধ্যমে ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এ শূন্যস্থান পূর্ণ করবে কে? আপনারা কী একাই দেশ চালাবেন? আপনারা কী একদলীয় শাসন কায়েম করবেন?’ রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, আপনারা কী আওয়ামী লীগ পুনর্বাসন করতে চাচ্ছেন? আমার মনে হয়-আপনারা আওয়ামী লীগ পুনর্বাসন করতে চাচ্ছেন। কারণ চার মাস হয়ে গেল-আপনারা একজন লোককে খুঁজে পেলেন না যাকে প্রেসিডেন্ট করতে পারেন? আপনাদের ফ্যাসিস্ট সরকারের লোক পছন্দ। তাই তাকে রাখার চেষ্টা করছেন। এত বড় দল বিএনপি, তাকে এত পছন্দ হয় কেন? কোনদিক থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? ফ্যাসিবাদ নির্মূল করতে চাইলে সব চিহ্ন মুছে ফেলতে হবে।
বাজেট বিষয়ে এটিএম আজহার বলেন, এ বাজেট অতি উচ্চাভিলাসী এবং ঋণনির্ভর এবং বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতায় আক্রান্ত। তিনি বলেন, রাজস্ব আহরণ অনিশ্চয়তা, ঋণের অতিরিক্ত নির্ভরতা এবং উন্নয়ন ব্যয়ের সংকোচন বাজেট বাস্তবায়ন কঠিন করে তুলতে পারে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য থাকলেও মূল্যস্ফীতি, বৈদেশিক চাপ এবং বৃহৎ রাজস্ব ঘাটতির মতো বাস্তবতার মুখোমুখি হতে হবে। তিনি বলেন, সুদ একটি বড় পাপ। বেশির ভাগ মুসলিমের দেশে সুদ আমরা চলতে দিতে পারি না।
সুদভিত্তিক ঋণের পরিবর্তে ইসলামী শরিয়াহ মোতাবেক রিটেইল সুকুক ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের বিকল্প বিবেচনা করতে পারে।








