পীরগঞ্জে জামায়াত ইসলামের পরিচয়ে ৫ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে। ওই টাকা না দেওয়ায় নির্মাণকাজও বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম ক্রয়সূত্রে মালিকানাধীন নিজ সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। নির্মাণ চলাকালে জামায়াতের পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় বাতেন মিয়া। ওই টাকা না দেওয়ায় সোমবার দলবল নিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, বাতেন মিয়াসহ তার সহযোগীদের হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় আছি। অভিযুক্ত বাতেন মিয়া বলেন, আমার যা করণীয় আছে তাই করবো, সেটা আপনাকে বলা লাগবে নাকি? উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান বলেন, দলের পরিচয়ে কেউ অন্যায় করলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। অভিযুক্ত ব্যক্তি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত কি না তা না জেনে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি। ওসি নজমুল হক বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি।








