জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের দাবি মেনে না চললে অতীতের স্বৈরাচারী সরকারগুলোর মতো বর্তমান সরকারকেও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আজ শনিবার আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন। সমাবেশটির আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
মুজিবুর রহমান বলেন, ‘গণতন্ত্রের মূল কথাই হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের মূল্যায়ন ও সম্মান করা।’ এ সময় তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনগণের আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, বিশেষ করে নির্বাচন ও গণভোটের মতো মৌলিক বিষয়গুলোয় জনগণের রায়কে তোয়াক্কা না করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
জামায়াতের এই নেতা বলেন, যত দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী জনগণের এই ভোট ও রায়কে সম্মান না জানাবে, তত দিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করা যায় না। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জামায়াতে ইসলামী সর্বদা আপসহীন।
সময় ক্ষেপণ না করে অবিলম্বে জনগণের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানান মুজিবুর রহমান। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের যে শপথ, তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি সংসদের ভেতরে ও বাইরে জনগণের অধিকার নিশ্চিত করা না হয়, তবে দেশজুড়ে আবারও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন দলের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ।








