চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে নগরের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বন্যায় চট্টগ্রামের কৃষি-মৎস্যে বড় ধাক্কা, ক্ষতির মুখে হাজারো চাষি

অনুষ্ঠানে ৪০০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং জনকল্যাণে কাজ করাই তাদের দায়িত্ব।

আবু সুফিয়ান বলেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ। জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি দাবি করেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ ফিরে পেয়েছে এবং নির্বাচিত প্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করার অধিকারও জনগণের রয়েছে।

তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের সমস্যা সমাধান এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই তাদের দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন ও শিহাব উদ্দিন মোবিন, সদস্য আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন।

৩১ নম্বর আলকরণ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইকবাল হোসেন সংগ্রামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আব্দুল নবী প্রিন্স, মঞ্জুরুল কাদের মিন্টু, হামিদুর রহমান, হাজি মো. ইদ্রিস, মো. সাদেক, মো. ইউসুফ, মো. সালাউদ্দিন ও সেলিম খান। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুরে আবু সুফিয়ান টানা বর্ষণে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নগরের ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বলিরহাট, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের শান্তিনগর এবং ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ময়দারমিলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তার দলের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনের সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমআরএম