মনিরামপুরে স্বাক্ষর জালিয়াতি করে সাব-রেজিস্ট্রারের অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে। তবে নিজের নামে অব্যাহতি চাওয়ার বিষয়টি জানতেন না সাব-রেজিস্ট্রার রিপন মুন্সী। ওই আবেদনে স্মারক নম্বরে গড়মিল থাকায় জালিয়াতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এতে রিপন মুন্সীর অতিরিক্ত দায়িত্ব পালন করা থেকে অব্যাহতি চাওয়া হয়েছে। তবে এর সঙ্গে কারা জড়িত সেটি এখনও জানা যায়নি। জানা যায়, সাব-রেজিস্ট্রার রিপন মুন্সী ঝিনাইদহের কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে মূল দায়িত্বে আছেন। ২০২৫ সালের ৭ আগস্ট মনিরামপুর থেকে সাব-রেজিস্ট্রার মুস্তাক আহম্মেদ বদলি হন। তারপর থেকে মনিরামপুরে খণ্ডকালীন দায়িত্ব পালন করে আসছেন তিনি। জানা যায়, ১০ জুন রিপন মুন্সীর স্বাক্ষর জালিয়াতি করে জেলা রেজিস্ট্রার বরাবর আবেদন করা হয়। জেলা রেজিস্ট্রার আবেদনের পরিপ্রেক্ষিতে আইজিআর (ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর পাঠান। এরপর বিষয়টি জানজানি হয়। এ ব্যাপারে রিপন মুন্সী জানান, তিনি আবেদনের বিষয়টি জানতেন না। পরে আবেদনে স্মারক নম্বরের গড়মিলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।








